ঘাসফড়িং সাহিত্য পত্রিকাএকটি সাহিত্য আড্ডা
  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • যোগাযোগ

ঘাসফড়িং

একটি সাহিত্য আড্ডা

অন্বেষণ করুন

  • হোম
  • গল্প
  • কবিতা
  • প্রবন্ধ
  • উপন্যাস
  • সকল বিভাগ
  • যোগাযোগ

সামাজিক যোগাযোগ

  • Facebook
যোগাযোগ করুন

মোট দর্শনার্থী: —

© 2026 ঘাসফড়িং. সর্বস্বত্ব সংরক্ষিত।

সম্পাদকঃ আমিনুর রহমান খান | নির্বাহী সম্পাদকঃ মাসুদ আনোয়ার | প্রকাশকঃ রওশন আরা মুন্নি | ওয়েবসাইট নির্মাতা: উৎসর্গ রায়

গোপনীয়তা নীতি

A product of WebPortray

কবিতানির্বাচিত লেখা

গুচ্ছ কবিতা – মোহাম্মদ নূরুল হক

মোহাম্মদ নূরুল হক১ নভেম্বর, ২০২৬২৪২ শব্দ · ⏱ পড়তে আনুমানিক ২ মিনিট লাগবেএই লেখাটি — বার পঠিত হয়েছে
গুচ্ছ কবিতা – মোহাম্মদ নূরুল হক


রবীন্দ্রনাথ

একটি বৃক্ষের মাথা কত উঁচু হলে পথচারী
আর আকাশ দেখে না?
এই প্রশ্ন মাঝে মাঝে নিজেকে করেছি।

একটি ক্লান্ত দুপুর কেঁপে কেঁপে ওঠে
পথিকের তৃষ্ণা বড়। পথে একা দাঁড়িয়ে আছেন
আকাশছোঁয়া রবীন্দ্রনাথ।
আমাদের বটবৃক্ষ। অফুরান ছায়া তার ডালে।

একটি সূর্যের আলো, একজোড়া রাত শেষে তিনি
একাকী সঙ্গী দিনের।

আমাদের রাতগুলো রবীন্দ্রসঙ্গীত
তৃষ্ণায় কাতর হলে পেয়ে যাই বৃক্ষের শীতল।


অলকানন্দার গান

রাত্রি বাড়ে, আঁধার বাড়ে, বাড়ে মনের ঝড়
বুকের ভেতর ভূমিকম্প ফোটায় গোলাপ ফুল
কার হৃদয়ে কে পেয়েছে পাখির মতো ঘর
হাওয়ায়-হাওয়ায় কথার ভ্রমর করছে হুলস্থুল।

আয় রে লালন, পাগলা ভোলা রাত্রি ভেসে যায়
ডুব দিয়ে দেখ জোনাক মরে অলকানন্দায়।


কিসের আশা

আর কারে তুই ভর্‌সা করিস ওরে পাগল মন
দিনের আলোয় চাঁদ কি হাসে ভুলে অনুক্ষণ
কিংবা তারা, রাতে যেমন জ্বলে আকাশজুড়ে
দিনের আলোয় পাস কি দেখা সারাভুবন ঘুরে?

সূর্য কি তোর সঙ্গে থাকে রাতের অন্ধকারে
তাহলে আর দিনে কেন খুঁজিস চন্দ্রমারে?

মধ্যরাতের গজল

শহরজুড়ে রাত্রি জেগে আছে
ঝুলন্ত চাঁদ মদের বোতল যেন
কিসের নেশায় বাতাসে কান পাতি?

হঠাৎ দেখি—আকাশ উল্টে দিঘি

হাজার তারায় পদ্মপাতার ঢেউ
দিঘিও নয়, আকাশও নয়, তবু
তোমার চোখে কিসের নেশা জাগে?

রাত যদি হয় শান্ত নদী

রাত যদি হয় শান্ত নদী, দিন যদি হয় ঢেউ
নৌকা যদি যায় ভাসানে প্রেমিক তবে কই
বাগান জুড়ে ভ্রমর ওড়ে ফুলের দেখা নেই
ফুল যদি হয় ঘ্রাণবিবাগী, কে কার তবে সই?

আকাশ যদি উদার না হয় মেঘ যদি হয় পরী
কাশের বনে দুলবে হাওয়ায় রাধার চুলের মেঘ
কৃষ্ণ তখন বাঁশি হাতে বাবলা গাছের ডালে
ভুলবে যত ছলাকলা, ভুলবে চলার বেগ।

মোহাম্মদ নূরুল হক

লেখক পরিচিতি

মোহাম্মদ নূরুল হক

কবি-সমালোচক-প্রাবন্ধিক-গবেষক-ছোটকাগজ সম্পাদক। ১৯৭৬ সালের ১২ জুন নোয়াখালীর সুবর্ণচরের কেরামতপুর গ্রামে জন্ম। পেশায় সাংবাদিক। সাহিত্যের নানা শাখায় সমান বিচরণ থাকলেও প্রাবন্ধিক ও কবি হিসেবেই পরিচিত তিনি। প্রকাশিত কবিতার বই: মাতাল নদীর প্রত্নবিহার, স্বরচিত চাঁদ, উপ-বিকল্প সম্পাদকীয়, লাল রাত্রির গান। গবেষণা-প্রবন্ধগ্রন্থ: সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য, সমালোচকের দায়, অহঙ্কারের সীমানা ও অন্যান্য, সাহিত্যের রাজনীতি, সমকালীন সাহিত্যচিন্তা, কবিতার সময় ও মনীষার দান, আহমদ ছফার বাঙালিদর্শন ও অন্যান্য, বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ; আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে; কথাসাহিত্যের চিন্তাসূত্র। আত্মজীবনী: জীবনের যতিচিহ্নগুলো । পুরস্কার-পদক: প্রবন্ধের জন্য ‘বগুড়া লেখক চক্র পুরস্কার-২০২০’ ও ঢাকা সাব এডিটর্স কাউন্সিল সম্মাননা। কবিতার জন্য পেয়েছেন ‘চর্যাপদ সাহিত্য একাডেমি দোনাগাজী পদক-২০২১’।

← পূর্ববর্তী

ক্যাঙ্গারুর দেশে